খুলনার কয়রা উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যুদ্ধের অগ্রসেনানী ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিও জানানো হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর কয়রা উপজেলার সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মসজিদে আবু বকর সিদ্দিক (রাঃ)-এর সামনে থেকে শুরু হয়ে মধুর মোড় প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মাস্টার আব্দুর রউফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম, এনসিপির খুলনা জেলা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব এস কে গালিব, যুগ্ম আহ্বায়ক রাকিব বিল্লাহ, সিনিয়র সদস্য সচিব মারুফ বিল্লাহ, যুগ্ম সদস্য সচিব শাহ আলম, ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি বায়জিদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিল্লাহ হোসেন ও সদস্য নাহিদ হোসেনসহ প্রমুখ।
বক্তারা বলেন, ওসমান হাদি শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র নন, তিনি ভারতের আধিপত্যবিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর ছিলেন। তার হত্যা একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, একটি হত্যাকাণ্ডের মাধ্যমে ভারতবিরোধী আন্দোলন দমন করা যাবে না। এক ওসমান হাদিকে হত্যা করা হলেও লক্ষ লক্ষ ওসমান হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে।
এ জাতীয় আরো খবর..